রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০২৬

টস করতে নেমেই বিশ্বরেকর্ড সূর্যবংশীর

টস করতে নেমেই বিশ্বরেকর্ড সূর্যবংশীর
ছবিঃ সংগৃহীত

বয়স মাত্র ১৫ বছর। অথচ এই বয়সেই ক্রিকেটের একের পর এক রেকর্ড ভেঙে নিজের নাম ইতিহাসের পাতায় লিখছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার অধিনায়ক হিসেবেও বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

শনিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে টস করতে নামার মধ্য দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের স্বীকৃতি পেয়েছেন এই কিশোর। তখন তার বয়স ছিল ১৫ বছর ২৩২ দিন।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে আসরের প্রথম দুই ম্যাচের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সূর্যবংশীকে। শনিবার সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেই তিনি ছাড়িয়ে যান ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচকে। গত বছর ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের নেতৃত্ব দিয়ে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছিলেন ভুকুসিচ। এবার তার চেয়ে দুই বছরের বেশি কম বয়সে নেতৃত্ব দিয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় এই বিস্ময়বালক।

চলতি মৌসুমে নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য বৈভবের জন্য নতুন নয়। ২০২৬-২৭ মৌসুমের দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে ইশান কিষাণের ডেপুটি ছিলেন তিনি। সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচ চলাকালে নিয়মিত অধিনায়ক চোট পেলে দলের নেতৃত্বও দিতে হয় তাঁকে। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়েছিলেন এই তরুণ ব্যাটার।

ব্যাট হাতেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সময় পার করছেন সূর্যবংশী। নিউজিল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলে দুটি ম্যাচ খেলার পাশাপাশি বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে নজর কাড়ছেন তিনি। মহারাষ্ট্রের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করে সৈয়দ মুশতাক আলী ট্রফির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এ ছাড়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ডও গড়েন।

সৌরাষ্ট্রের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি বৈভব। মাত্র ১৮ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। তবে ব্যাট হাতে বড় ইনিংস না পেলেও অধিনায়ক হিসেবে টস করতে নামার মধ্য দিয়েই ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ১৫ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়