রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকায় একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মাহমুদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তাঁর বাবার নাম খোরশেদ আলী।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, দরজা ভেঙে পুলিশ মাহমুদার মরদেহ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলন্ত ছিল। তিনি বাসার একটি কক্ষে একাই থাকতেন। পাশের কক্ষগুলোতে অন্য শিক্ষার্থীরা অবস্থান করতেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে জানান, মাহমুদা হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।



























