উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল স্টাফদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই চীনা নাগরিকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, সকালে লি শিংচিয়াংকে কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন। পরে তারা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান।
হোটেল কর্তৃপক্ষ বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘হোটেল থেকে একজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ওই চীনা নাগরিক মদ্যপ অবস্থায় ছিলেন, এমন প্রমাণ আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে।’
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বেঙ্গল হোটেলে মদ বিক্রি বা সেবনের কোনো অনুমোদন ছিল না। তাদের দাবি, পাশের একটি বার থেকে নিয়মিত ওই হোটেলে মদ সরবরাহ করা হতো।



























