বয়স্ক ভাতা কার্ড করার নামে চাঁদাবাজির অভিযোগে জামায়াত কর্মী আটক
বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫’শ করে টাকা নেওয়া এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ওয়াদা নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোকসেদ আলি। তার বাড়ি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ায়।
শনিবার দুপুরে স্থানীয় প্রতিবাদী জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা নিয়ে পরিস্থিতি হাঙ্গামার পর্যায়ে গেলে বগুড়া সদর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী জানিয়েছে, কয়েকদিন আগে জামায়াত কর্মী মোকসেদ বেলাইল হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা মহিলাদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ছবি ও ভোটার আইডি নিয়ে যায়। অনলাইনের কাজের জন্য নেয় জনপ্রতি ৫০০ টাকা।
টাকা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করে।
বিষয়টি জানাজানি হওয়ার প্রেক্ষিতে শনিবার বেলা ১২টার দিকে মোকসেদ তার এক মুরুব্বিকে নিয়ে ফের ঘটনাস্থলে আসে। এসময় সবাই তাকে ঘিরে ধরলে তিনি কয়েকটি অনলাইনে আবেদনের কপি ফেরত দেয়। এই ঘটনায় হৈচৈ শুরু হলে অনেকেই ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
ঘটনা সম্পর্কে জানার জন্য কয়েকবার বগুড়া সদর থানার ওসিকে ফোন করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। পরে পুলিশের মিডিয়া প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি মোকসেদকে আটকের কথা স্বীকার করেন।
বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আসম আব্দুল মালেক জানান, আটক হওয়া ব্যক্তি জামায়াতের কেউ না। তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।



























