৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে তিনটি পৃথক প্যানেলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ‘সাধারণ আইনজীবী প্যানেল’ ৭টি পদে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি এবং বিএনপি সমর্থিত প্যানেল সভাপতিসহ ৪টি পদে বিজয়ী হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমিতির মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে ৮৮৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠনের এবারের নির্বাচনেই প্রথমবারের মতো তিনটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ প্যানেলে নির্বাচন করলেও এবার তারা আলাদাভাবে লড়েছে। অন্যদিকে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর নির্বাচন থেকে দূরে থাকলেও এবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে ফিরে আসেন।
প্যানেল ভিত্তিক ফলাফলের বিস্তারিত:
বিএনপি সমর্থিত প্যানেল (জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম):
এই প্যানেল থেকে সভাপতিসহ ৪ জন নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন— সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং নির্বাহী সদস্য আজিজুল করিম।
জামায়াত সমর্থিত প্যানেল (বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ):
এই প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৬ জন জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন— সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য একেএম শাহজালাল চৌধুরী ও মোহাম্মদ নেজামুল হক এবং নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (সাধারণ আইনজীবী প্যানেল):
এই প্যানেল থেকে ৭ জন নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন— সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ মহিউদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য জিয়াউদ্দিন আহমদ ও ইকবালুর রশিদ আমিন সোহেল, সদস্য পদে পারভীন সুলতানা পিয়া ও সেকাব উদ্দিন।
নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণার পর সব পক্ষের আইনজীবীরা তা মেনে নিয়েছেন।



























