গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশু, কথা বলার শক্তিও নেই
চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গলে মুমূর্ষু অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক সাত বছর বয়সী শিশুটির নাম ইরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোববার (১ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয় যুবকরা জঙ্গলে চলাচলের সময় গলাকাটা ও রক্তমাখা অবস্থায় ইরাকে দেখতে পান।
শিশুটি হাসপাতালে নিজেই জানায়, সে কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার নুর ইসলামের কন্যা এবং মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ইরা জানিয়েছে, তাকে ওই এলাকার একজন ব্যক্তি ইকোপার্কে নিয়ে এসেছে। নাম বলতে পারছে না, তবে তাকে দেখলে চেনা যাবে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার গলা কাটা এবং তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, এটি স্পষ্টত: হত্যাচেষ্টা। সম্ভবত কেউ ইরাকে বেড়ানোর কথা বলে ইকোপার্কে নিয়ে গিয়েছিল। হাসপাতালের মাধ্যমে শিশুর পরিচয় নিশ্চিত হওয়ায় পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























