সোমবার ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ২ মার্চ ২০২৬

জমি দখল করে আ. লীগের কার্যালয় স্থাপন, ১৯ বছর পর উচ্ছেদ

জমি দখল করে আ. লীগের কার্যালয় স্থাপন, ১৯ বছর পর উচ্ছেদ
ছবি: সংগৃহীত

জমি দখল করে গড়ে ওঠা বাংলাদেশ আওয়ামী লীগ–এর কার্যালয় দীর্ঘ ১৯ বছর পর অবশেষে উচ্ছেদ করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের এ অফিস গত শনিবার উচ্ছেদ করা হয়।

জানা গেছে, শনিবার দিনব্যাপী রৌমারীর সদর ইউনিয়নের টিএনটি পাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সেখানে গড়ে ওঠা কয়েকটি দোকানঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে জায়গার দখল প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৯ বছর আগে টিএনটি পাড়া এলাকায় মাফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জমি স্থানীয় রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দখল করেন। পরবর্তীতে সেখানে দোকানঘর নির্মাণ করা হয় এবং জমির দখল ধরে রাখতে ওই স্থানে রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় স্থাপন করা হয়।

দখলকৃত জমি পুনরুদ্ধারে ২০০৭ সালে জমির মালিকরা কুড়িগ্রাম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মো. ফিরোজ কবির প্রকৃত মালিকদের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আদালতের নাজির মো. গোলাম রহমান এবং কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হকের উপস্থিতিতে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে জমির দখল মালিক মাফুজাল ইসলাম ও তাঁর ওয়ারিশদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় স্থানীয় অলি আহমেদ, বকুল মিয়া, করিয়উল ও মোকছেদুল জানান, দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াই শেষে তারা তাদের পৈতৃক জমি ফিরে পেয়েছেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আদালতের প্রতিনিধিরা প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দিয়েছেন।

সর্বশেষ