মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১০ ডিসেম্বর ২০২৫

সচিবালয়ে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ

সচিবালয়ে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।

২০ শতাংশ ভাতার দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন।

জানা গেছে, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ডমাইকে তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের কারণ ব্যাখ্যা করে একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, সচিবালয়ে কর্মরত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা তা থেকে বঞ্চিত।

এদিন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।

এর আগে রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়েজিত সেমিনারে অংশ নেন অর্থ উপদেষ্টা।