মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় গোপনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ায় গোপনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর কার্যালয় ভবনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। তবে কে বা কারা, কখন পতাকাটি উত্তোলন করেছেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতমাথা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের দোতলার একটি প্লাস্টিকের পাইপের মাথায় জাতীয় পতাকা উড়তে দেখা যায়। ভবনটি ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা কমিটির কার্যালয়ের সংলগ্ন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ঘটনার পর বগুড়া জেলা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এর দায় স্বীকার করা হয়। সেখানে বলা হয়,
“বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতা-কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।”

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতাউর রহমান বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি পুলিশের জানা ছিল না। খবর পাওয়ার পর সন্ধ্যায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ