মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, তারা কী কী সুবিধা পান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফলে খুব শিগগিরই বাংলাদেশ–এর নতুন সরকার গঠন করতে যাচ্ছে দলটি। 

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধার বিষয়টি। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে এই প্রশ্নগুলো জনমনে বাড়তি আগ্রহ তৈরি করে—রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঠিক কত পারিশ্রমিক পান এবং বেতনের বাইরে কী কী সুবিধা ভোগ করেন, তা জানতে চায় অনেকেই।

জানা যায়, বাংলাদেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পেয়ে থাকেন। আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন হয়ে থাকে ১ লাখ ১৫ হাজার টাকা। এই দুই ব্যক্তির সব খরচ রাষ্ট্র বহন করে। 

এছাড়া প্রধানমন্ত্রী ১ লাখ ১৫ হাজার টাকা বেতনের সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে ১ লাখ টাকা পেয়ে থাকেন। এছাড়া দৈনিক ভাতা হিসেবে ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল দেড় কোটি টাকা পেয়ে থাকেন তিনি। অবশ্য সরকারি বাসভবনে থাকলে তিনি বাড়ি ভাড়া বাবদ ১ লাখ টাকা পাবেন না। 

জাতীয় সংসদের স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা। বেতন পাওয়ার দিক দিয়ে তার পরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি। তিনি মাসিক বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বেতন পান মাসিক ১ লাখ ৫ হাজার টাকা। আর প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা। একই পরিমাণ বেতন পান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিপ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া উপমন্ত্রীদের মাসিক বেতন হয়ে থাকে ৮৬ হাজার ৫০০ টাকা। 

একজন সংসদ সদস্য বেতন পান ৫৫ হাজার টাকা করে। এছাড়া বিভিন্ন ভাতা বাবদ পান আরও টাকা। এর মধ্যে রয়েছে- আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। এছাড়া বিমার আওতায় থাকেন সংসদ সদস্যরা। 

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। এছাড়া সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পান। 

জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান ২ হাজার টাকা। উপমন্ত্রী পান দেড় হাজার টাকা। 

আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) পাবেন। এছাড়া একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। 

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোনের সুবিধাও পেয়ে থাকেন।

সর্বশেষ