মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ গাড়ি
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে দেশের ত্রয়োদশ সংসদ ও নতুন সরকার। নির্বাচনে বিজয়ী দল বিএনপি–র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, আর তাকে ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন থেকে আপাতত ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে এসব গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজন হলে আরও গাড়ি সরবরাহের ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার দুপুরের পরপরই সেগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।

নতুন মন্ত্রিসভার প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সোমবার দুপুরে ব্রিফিংয়ে বলেন, একজন মন্ত্রীর জন্য গাড়ি, দেহরক্ষী ও বাসস্থানের ব্যবস্থা—সবকিছুই সরকারের নিয়মিত প্রস্তুতির অংশ।

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন–এর শপথ কক্ষে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ায় তাদের আলাদা শপথও নিতে হবে। সংসদ সদস্যদের শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হবেন। এরপর সম্ভাব্য প্রধানমন্ত্রী যে তালিকা দেবেন, সেই অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের শপথের জন্য ফোন করা শুরু হবে।

বিকাল ৪টায় রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এতদিন নতুন সরকারের শপথ সাধারণত বঙ্গভবন–এ অনুষ্ঠিত হলেও এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই প্রচলিত রীতিতে পরিবর্তন আসছে।

সর্বশেষ