কুমিল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং শিশু হুররাম (২)।
চিকিৎসক জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।



























