দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের ১০ম বর্ষপূর্তি উদযাপন
পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে দিনাজপুরে পেশাজীবী ফুটবল টিমের দশম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিওন মুসলিম হোস্টেল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ডাক্তার একাদশ ও ব্যাংকার একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-১ গোলের ব্যবধানে ব্যাংকার একাদশকে পরাজিত করে বিজয়ী হয় ডাক্তার একাদশ।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দ্বিজেন্দ্র চন্দ্র বর্মন।
পেশাজীবী ফুটবল টিমের ক্রীড়া সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকের নিজ অর্থায়নে অনন্য অবদান রাখায় উক্ত টিমের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সহ-সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মোখলেসুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।



























