সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সব জেলা পরিষদকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে জেলা পরিষদের আওতাধীন নির্ধারিত সব স্থাপনায় এ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতে জারি করা চিঠিটি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দফতরের মূল ভবনের পাশাপাশি জেলা পরিষদের অধীন স্থাপনাগুলোতেও রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে হবে। এর আওতায় জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।
প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ ব্যবহার করা যাবে।
সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে পাওনা পাওয়া যাবে।
এ ব্যবস্থার ফলে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যদিকে, যেসব জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, সেসব পরিষদ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ও কারিগরি সহায়তা নিতে পারবে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুসরণ করে এসব কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যেই সব নির্ধারিত স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে হবে।



























