সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৫ অক্টোবর ২০২৬

পুনর্বাসনের দাবিতে উর্দুভাষী জনগোষ্ঠীর লংমার্চ

পুনর্বাসনের দাবিতে উর্দুভাষী জনগোষ্ঠীর লংমার্চ
ছবিঃ প্রতিনিধি

পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উর্দুভাষী জনগোষ্ঠীর ক্যাম্প উচ্ছেদ না করার দাবিতে সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করেছে স্ট্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এই লংমার্চ কর্মসূচি পালিত হয়। লংমার্চ শেষে শতাধিক উর্দুভাষী মানুষ নীলফামারীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি জমা দেন। তারা জানান, সৈয়দপুরের বিহারী ক্যাম্পগুলোতে অপরিচ্ছন্ন ও অনিরাপদ পরিবেশে মানবেতর জীবনধারণ করতে বাধ্য হচ্ছেন তারা। নূন্যতম নাগরিক সুযোগ-সুবিধা তাদের দাবি।

স্ট্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির সভাপতি মোঃ রেয়াজ আকবর বলেন, “আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি জমা দিয়েছি, পুনর্বাসনের ব্যবস্থা করতে বলছি। আমাদের পরিবার নিয়ে ১০ ফিট বাই ১০ ফিট ঘরে থাকি, এটা স্যারকে জানিয়েছি।”

সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ শাহীন জানান, ইতিমধ্যে উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের জন্য দ্রুতই স্থায়ী ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্পবাসীকে উচ্ছেদ করা যাবে না এবং বিদ্যমান ক্যাম্প উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের অন্যান্য নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। দেশের সকল উর্দুভাষী ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পবাসীদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও জানান, এই স্মারক লিপি নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কথা শ্রবণ করেছেন এবং সরকারের কাছ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন, ততটুকুই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

তাদের হিসাবে দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্প রয়েছে।

জনপ্রিয়