সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ৫ অক্টোবর ২০২৬

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। শুধু দলবদলই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে আসন্ন রাজ্যসভা নির্বাচনেও প্রার্থী হচ্ছেন এই অভিনেত্রী।

রোববার (৪ অক্টোবর) কোয়েলের বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদান এবং সমালোচনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জানিয়ে কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’

বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলের দুই শীর্ষ নেতাকে কৃতিত্ব দিয়েছেন কোয়েল। তিনি বলেন, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’

এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তিনি পদত্যাগ করেন। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় তাকে নিয়ে সমালোচনা আরও জোরালো হয়েছে।

তবে সমালোচকদের নিয়ে ক্ষোভ নেই বলে জানিয়েছেন কোয়েল। তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়