বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ১৩ অক্টোবর ২০২৬

১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন নেই: রেলপথ মন্ত্রী

১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন নেই: রেলপথ মন্ত্রী
ছবিঃ সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার গত ১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু রেলের দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনি। বরং অর্থের অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেল খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। অনেক ক্ষেত্রে রেল খাত স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে রেলের সেবার মানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। টানা ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ দেখভাল করা হয়নি। ফলে এ খাত প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে এ অবস্থার পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, রেলের যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়