বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৩ অক্টোবর ২০২৬

ফিজিতে চীন-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলা: মার্কিন দূতাবাস

ফিজিতে চীন-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলা: মার্কিন দূতাবাস
ছবিঃ সংগৃহীত

ফিজিতে একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানায়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন সরকার ও টেলিযোগাযোগ নেটওয়ার্কও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ফিজি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কেন্দ্রে পরিণত হচ্ছে। গুগল দেশটির রাজধানী সুভাকে কেন্দ্র করে সমুদ্রতলের কেব্ল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এ নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়াম, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিত্র অস্ট্রেলিয়া, ফরাসি পলিনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিজির পুলিশ ও যোগাযোগ মন্ত্রী আইওয়ানে নাইভালুরা জানান, তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। এর আগে মার্কিন দূতাবাস জানায়, গত জুলাই ও আগস্টে সুভায় অবস্থিত একটি আঞ্চলিক সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, ‘চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা কয়েক দিন ধরে ওই সংস্থার নেটওয়ার্কে প্রবেশাধিকার বজায় রেখেছিল।’ তবে সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে মার্কিন কর্মকর্তারা ফিজিকে সমুদ্রতলের কেব্ল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে চীন থেকে সম্ভাব্য তথ্যগত ঝুঁকি মোকাবিলায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

নাইভালুরা বলেন, পুলিশ এ হামলার অভিযোগ তদন্ত করছে। তিনি সরকার, বিভিন্ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং নিজ নিজ ডিজিটাল ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। তবে তারা ‘দৃঢ়ভাবে হ্যাকিং কার্যক্রমের বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘একই সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়কে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহারেরও আমরা বিরোধিতা করি।’

‘ব্যাপক দুর্নীতি’-
গত সপ্তাহে ফিজিতে বসবাসকারী চীনের একটি রাষ্ট্রীয় সংস্থার এক কর্মী বেইজিংয়ের পক্ষে ঘুষ দিয়েছেন বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে। শুক্রবার ফিজি সরকার এ অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সুভায় বসবাসকারী ওই ব্যক্তির বিরুদ্ধে ‘ব্যাপক দুর্নীতির’ অভিযোগ তোলে।

মঙ্গলবার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চীন-সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে গত আগস্টে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে।

দূতাবাস জানায়, এফবিআইয়ের ওই পদক্ষেপ ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সরাসরি গুরুত্বপূর্ণ।’

এফবিআইয়ের একটি হলফনামা অনুযায়ী, কিউটিএফওয়াই নামের একটি হ্যাকার গোষ্ঠীতে চীনের সামরিক বাহিনীর সাবেক সদস্যরা ছিলেন। তাঁরা চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে মার্কিন দূতাবাস আরও জানায়, চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশের সরকার, সংস্থা ও টেলিযোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করছে।

তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আঞ্চলিক রাজনৈতিক জোট প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম জানায়, সাইবার হামলার শিকার সংস্থাটি তারা নয়।

জোটটির একজন মুখপাত্র এএফপিকে বলেন, “প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের সচিবালয় এ ঘটনায় আক্রান্ত হয়নি। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিজিটাল নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং এ অঞ্চলের জনগোষ্ঠীর কল্যাণ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই সাইবার নিরাপত্তা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়