৪২ বিজিবির অভিযানে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতভর বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের অধীন এনায়েতপুর, ফকিরগঞ্জ ও বাশালগাঁও বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ও সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও অবৈধ পণ্য পাচার বন্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।



























