বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২২ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুরে র‍্যালি ও সমাবেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে দিনাজপুরে র‍্যালি ও সমাবেশ
ছবিঃ সংবাদ পরিক্রমা

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুন্সিপাড়াস্থ লুৎফুন্নেছা টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখা এ আয়োজন করে।

র‍্যালির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন ও ইঞ্জিনিয়ার মঞ্জুর মূর্শেদ সুমন, লায়ন্স ক্লাবের ডিরেক্টর রেজোয়ান হোসেন চৌধুরী রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লা। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মঞ্জুর মূর্শেদ সুমন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজ আল মিনাল ও জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আইনবিষয়ক সম্পাদক মুকিদ হায়দার শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিশচা) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোদচ্ছেরুল আদনান, প্রচার সম্পাদক রাজু মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদক রেনু রায়, কার্যকরী সদস্য মিজানুর রহমান (ডেফুরা), মামুনুর রহমান জুয়েল, মেহেদী হাসান, মোমিনুল ইসলাম, সদস্য এসএম মহিউদ্দিন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকাল মৃত্যুমিছিল বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে বড় দাবি।

তারা জানান, ২০১৩ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ১৩ বছরে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন। ২০২৪ সালে নিহতের সংখ্যা ছিল ৮ হাজার ৫৪৩, যা ২০২৫ সালে বেড়ে ৯ হাজার ১১১-তে দাঁড়ায়। ২০২৬ সালের প্রথম ৯ মাসে বিআরটিএ-এর হিসাব অনুযায়ী ৪ হাজার ২৮৫টি দুর্ঘটনায় ৪ হাজার ১৫৭ জন প্রাণ হারিয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়