বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ২২ অক্টোবর ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরানোর ডাক, সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

সড়কে শৃঙ্খলা ফেরানোর ডাক, সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই দিবস পালিত
ছবিঃ প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ফেরানো, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍োড ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শহীদ কাজল সরণীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। 

নিসচা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর। 

সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, নিসচা সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিন, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর আশরাফ এবং সাংবাদিক মো. আবুল কালাম আজাদ। 
আরও বক্তব্য দেন নিসচা সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ঈদুজ্জামান ইদ্রিস, প্রভাষক রজব আলী ও আবু জাফর মো. ছালেহ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং অসচেতনতা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। দুর্ঘটনা কমাতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পথচারীদের নিরাপদে সড়ক পারাপার এবং ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়েও সচেতন হতে হবে। 

তাঁরা আরও বলেন, সড়ক নিরাপত্তার দায়িত্ব শুধু সরকারের নয়। পরিবহনমালিক, চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা জরুরি। সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনাকে ধ্বংস করে না, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও অপূরণীয় ক্ষতি বয়ে আনে। তাই চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পথচারীদের সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে জনসচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সম্মিলিত সচেতনতা, আইনের যথাযথ প্রয়োগ এবং পারস্পরিক দায়িত্বশীলতার মাধ্যমেই আমরা একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে পারি। 

কর্মসূচির মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের জীবন রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়