বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৬,৫০০ পিস ইয়াবাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ৬,৫০০ পিস ইয়াবাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১
ছবিঃ বিজিবি

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবা, ট্রাক ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও যানবাহন আটক করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিহানগর বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদরের দিকে আসছেন এক মাদক পাচারকারী। পরে টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করে।

একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোনসহ মো. সবুজকে আটক করা হয়। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছিল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা দেয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জনপ্রিয়