বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২৮ অক্টোবর ২০২৬

গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের কঠোর হুঁশিয়ারি ডিএসসিসির

গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, হকারদের কঠোর হুঁশিয়ারি ডিএসসিসির
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং উচ্ছেদ করা মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সরাসরি উপস্থিত থেকে অভিযান পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করা হয়েছে। হকারদের সেখানেই ব্যবসা করতে হবে।

তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

হকারদের আগে থেকেই সতর্ক করা হয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। এরপরও উচ্ছেদের পর আবার দোকান বসানোয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

ডিএসসিসি জানিয়েছে, পথচারীদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়