বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ২৮ অক্টোবর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যে সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

৩০ নভেম্বরের মধ্যে সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
ছবিঃ সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাই করে তিন ধাপে তালিকা পাঠানোর নির্দেশনা দিয়েছে দলটি।

বুধবার (২৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এসব কথা বলা হয়। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও প্রধান সাংগঠনিক উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সারজিস আলম স্বাক্ষরিত নির্দেশনায় কমিটি গঠন, সদস্যসংখ্যা, নেতৃত্ব নির্বাচন ও চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের নীতিমালা তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন কমিটিতে ৩১ থেকে ৫১ জন সদস্য থাকলে সেটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের কম সদস্য নিয়ে গঠিত কমিটিকে আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে কমপক্ষে ১১ জন সদস্য রাখতে হবে এবং কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তা পূর্ণাঙ্গ করতে হবে।

কমিটি গঠনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে নিয়মিত শিক্ষার্থী বা ‘রানিং স্টুডেন্ট’ রাখা যাবে না। এ ছাড়া ৩০ বছরের কম বয়সীদের এনসিপির মূল সাংগঠনিক কমিটিতে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁরা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করার সুযোগ পাবেন।

ইউনিয়ন আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিব পদের জন্য ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর। স্থানীয়ভাবে পরিচিত, জনগ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্যও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন থেকে প্রার্থী বাছাই করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে তালিকা পাঠাতে হবে। এ জন্য তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে—প্রথম ধাপে ১০ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২০ নভেম্বর এবং শেষ ধাপে ৩০ নভেম্বর।

নির্দেশনায় দলের বিভিন্ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটির সদস্যসংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের, উপজেলা, পৌরসভা ও থানা কমিটি ৭১ সদস্যের, ইউনিয়ন কমিটি ৫১ সদস্যের এবং ওয়ার্ড কমিটি ৩১ সদস্যের।

দলীয় নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়