সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নোভার জামিন নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জলঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে বিচারক মাহমুদুল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ জুন জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোর একটিতে নাসিব সাদিক হোসেন নোভাকে ৬ নম্বর আসামি করা হয়। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে জলঢাকা পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসিব সাদিক হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি জলঢাকা পৌরসভার প্রয়াত সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নাসিব সাদিক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, গ্রেপ্তার সাবেক পৌর মেয়রকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



























