সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সিরাজগঞ্জে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন—এএসআই আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপচালক আব্দুল গফুর।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে টহল পুলিশের গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলটির ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ওই দিন দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের দিকে কয়েকজন ব্যক্তি একরামুল হক নামের এক যুবলীগ নেতার ব্যানার ধরে রয়েছেন। মিছিলে আনুমানিক ৩৫ থেকে ৪০ জন অংশ নেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, পুলিশের একটি টহল গাড়ি মিছিলটির দিকে এগিয়ে আসে। তবে মিছিলকারীদের হুংকারের মুখে পুলিশ সদস্যরা মিছিলটি অতিক্রম করে গাড়ি নিয়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।
এদিকে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ (৪৫), ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমান (৩৩)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



























