শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে জয়ী ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ভোটে জয়ী ফয়সল আমীন
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৮৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৯১ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪৭৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণভাবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পেরেছি। এটি নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি।”

পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ ছিল না। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

জনপ্রিয়