শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৯ অক্টোবর ২০২৬

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস উদযাপন

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস উদযাপন
ছবিঃ সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাকারীদের অবদান, ত্যাগ ও অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘স্বীকৃতি থেকে কার্যকর উদ্যোগ’ (From Recognition to Action) প্রতিপাদ্যে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটোল ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের পরিচর্যাকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর কেয়ারারস অ্যাসোসিয়েশনের (ডিসিএ) সদর সভাপতি তাপসী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত রাখতে পরিচর্যাকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক দায়িত্ব পালন করছেন। তবে তাঁদের নিরলস শ্রম ও ত্যাগ অনেক সময় যথাযথ স্বীকৃতি পায় না।

তিনি পরিচর্যাকারীদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাঁদের অধিকার রক্ষায় কার্যকর আইনি ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় নিয়োজিত ব্যক্তিদের অবদান তুলে ধরা এবং তাঁদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরিতে দিবসটির কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিডিডি ও সহযোগী সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক পরিচর্যাকারী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়