৪২ বিজিবির অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব ট্যাবলেটের সিজার মূল্য এক লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বিওপির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা। এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।



























