জমিয়ত নেতা ফেরদাউসুরের ভিডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা কমিটির সদস্যসচিব মাওলানা মাসরুর আহমাদ ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইন এবং সদস্য মাওলানা তাজুল ইসলাম আক্কাস। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদস্যসচিবের সই করা চিঠিতে ভিডিওটির প্রেক্ষাপট, সংশ্লিষ্ট বিষয় ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাওলানা ফেরদাউসুর রহমান। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাঁকে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। তিনি ভিডিওটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। প্রশ্ন করা হলে ফেরদাউসুর রহমান বলেন, ‘আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। লিখিত যতটুকু, এতটুকুই।’
এর আগে বুধবার (১১ নভেম্বর) গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে এক নারীকে দেখা যায়। তবে ওই নারীর পরিচয় এবং ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ সম্মেলনেও ভিডিওটির সময়, স্থান কিংবা সংশ্লিষ্ট নারী সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি ফেরদাউসুর রহমান।



























