শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৩ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে ১০টি ককটেল বিস্ফোরণ, যুবলীগ কর্মী আটক

কল্যাণপুরে ১০টি ককটেল বিস্ফোরণ, যুবলীগ কর্মী আটক
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়ক এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে পটকা ও ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল যুগান্তরকে জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি আদাবর থানা যুবলীগের কর্মী।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়