নিয়োগ পরীক্ষায় প্রক্সির অভিযোগে দুইজনের দুই দিনের রিমান্ড
নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন আশরাফুল ইসলাম ও লিখন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে আসামিদের পক্ষে আইনজীবী শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানিতে আইনজীবী শেখ ফরিদ অভিযোগ করেন, “মামলার বাদী আসামিদের কাছে অনৈতিকভাবে টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে।”
মামলার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এর নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম চলছিল। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল।
ওই দিন দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে কর কমিশনারের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে যোগদানসংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের সময় আশরাফুল ইসলামের পরিচয় নিয়ে সন্দেহ হয়। মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তার চেহারার মিল পাওয়া যায়নি। এছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তার বর্তমান হাতের লেখার অমিল দেখা যায়।
অন্যদিকে লিখন নামের প্রার্থীর হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তি যোগদানপত্র জমা দিতে আসেন। তবে বিকেল ৩টার দিকে নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় লিখন নামের আরেক ব্যক্তি সেখানে উপস্থিত হন। পরে তার চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবির মিল পাওয়া যায়নি।
জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, ৯ অক্টোবরের লিখিত ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে পরে তিনি যোগদানপত্র জমা দেননি বলে জানান।
লিখনও জিজ্ঞাসাবাদে জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় তার পরিবর্তে অন্য একজন অংশ নিয়েছিলেন। ওই ব্যক্তি তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ।



























