শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ১০ জুলাই ২০২৬

মাদক উদ্ধারে গরমিল, জিল্লুর প্রত্যাহার

মাদক উদ্ধারে গরমিল, জিল্লুর প্রত্যাহার
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও নগদ অর্থের প্রকৃত পরিমাণ মামলায় উল্লেখ না করা এবং তথ্যদাতাকে (সোর্স) প্রাপ্য সোর্সমানি প্রদান না করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডিএনসির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৬ জুলাই জারি করা ডিএনসির এক অফিস আদেশে উল্লেখ করা হয়, আবুল খায়ের নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সানারপাড় এলাকায় সংঘটিত তিনটি মাদক মামলার বিষয়ে উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এবং বিমানবন্দর সার্কেলের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রোকুনুজ্জামানকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

তথ্য অনুযায়ী পরিচালিত পৃথক তিনটি অভিযানে প্রথমবার ১ হাজার ৮০০ পিস ইয়াবা, দ্বিতীয়বার ৪০০ গ্রাম হেরোইন এবং তৃতীয় অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও ২ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, এসব ঘটনায় মামলা দায়েরের সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও নগদ অর্থের প্রকৃত পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারী ব্যক্তিকেও বিধি অনুযায়ী প্রাপ্য সোর্সমানি দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জমা পড়লে তা আমলে নেয় ডিএনসি।

অভিযোগের সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিক তদন্তের উদ্যোগ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ লক্ষ্যে পরিচালক (নিরোধ, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) মো. রাজীব আহসানকে আহ্বায়ক এবং সহকারী পরিচালক (অপারেশনস) ফয়সাল আহমেদকে সদস্য সচিব করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এবং প্রধান কার্যালয়ের উপপরিচালক (অপারেশনস) মুকুল জ্যোতি চাকমা। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তদন্ত কমিটি গঠনের একদিন পরই ডিএনসির উপপরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়

আরও পরুন: