নিরাপত্তাঝুঁকিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে উদ্বোধনের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি ঘিরে নিরাপত্তাঝুঁকির বিষয়ে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল। বিষয়টি আয়োজকদের জানানো হলে তারা অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেন। তবে পুলিশ অনুষ্ঠান আয়োজনে বাধা দিয়েছে—বিষয়টি এমন নয় বলে জানান তিনি।
প্রদর্শনীটি ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এ উপলক্ষে জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামকে।
প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদান তুলে ধরার পরিকল্পনা ছিল আয়োজকদের।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। তাঁদের স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করা হয়।



























