বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ছয় মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি ছাড়াল

ছয় মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি ছাড়াল
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে রাজস্ব ঘাটতি বেড়ে ৬০ হাজার কোটি টাকার বেশি হয়েছে। ছয় মাস শেষে ডিসেম্বর পর্যন্ত যা ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব সংগ্রহে ঘাটতি ধারাবাহিকভাবে বাড়ছে। তবে একই সময়ে সংস্থাটি প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারিত ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। কিন্তু তিনটি প্রধান খাতে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২.৯০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯১ কোটি টাকা।

পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে আয়কর খাতে, যার পরিমাণ ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা এবং ভ্যাট খাতে ঘাটতি ১৫ হাজার ৫০৬ কোটি টাকা।

আয়কর খাতে সাত মাসের লক্ষ্য ছিল ১ লাখ তিন হাজার ৯৮০ কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি-রপ্তানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা।

তবে আদায়ের দিক থেকে ভ্যাট খাত এগিয়ে রয়েছে। এ সময়ে ভ্যাট আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা।

জানুয়ারি মাসে এককভাবে রাজস্ব আদায়েও ধীরগতি লক্ষ্য করা গেছে। এ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৫৪৫ দশমিক ৫৭ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা। জানুয়ারিতে আয়করের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫৭৪ কোটি ৫৭ লাখ টাকা, আদায় হয়েছে ১৩ হাজার ১৭৫ কোটি টাকা। ভ্যাটে ২০ হাজার ৪৭৫ কোটি ৫৭ লাখ টাকার বিপরীতে আদায় ১৫ হাজার ২৭৭ কোটি টাকা এবং শুল্কে ১৩ হাজার ৪৯৫ কোটি ৪৩ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৫৮১ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বলে জানা গেছে।

সর্বশেষ