এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নামে ভুয়া ই–মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এনবিআর।
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডির মাধ্যমে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে নজরে এসেছে।
প্রতারকচক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারকচক্রের বিরুদ্ধে ৩ মার্চ ২০২৬ তারিখে শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮।’
এ ছাড়া বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারকচক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।



























