গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে আমদানি করা কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর কার্যক্রম ফের শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। এতে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়।
তখন পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গ্যাসের চাপ কমে গেলেও পরিস্থিতি এখন দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল থাকায় বঙ্গোপসাগরে থাকা দুটি এফএসআরইউ থেকে বৃহস্পতিবার এলএনজি খালাসে কিছুটা সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানির দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকা বা কমে এলে দেশে দ্রুততম সময়ে দাম সমন্বয়ের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।



























