পরীমনির জামিন বাতিল চেয়ে আবেদন
পায়ে ব্যথার কারণে ঢাকার আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী পরীমনি। তার অনুপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে সময়ের আবেদন করলে তা বিবেচনায় নিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
আদালতে দেওয়া আবেদনে পরীমনির আইনজীবী জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেই ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
তবে পরীমনির সময়ের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। পরীমনি বিভিন্ন সময়ে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করে আসছেন। এ কারণে তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে এলএসডি, আইস ও বিভিন্ন ধরনের মদ উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
এর পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলাটির তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরে চলতি বছরের ৫ জানুয়ারি আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল।



























