সোমবার ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ১৯ জুলাই ২০২৬

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত।

রবিবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নতুন উপাচার্যের নিয়োগের খবরে গোবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং একাডেমিক প্রশাসনে তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয়