আইটি কার্নিভাল হ্যাকাথনে চ্যাম্পিয়ন গোবিপ্রবি, তিন বিভাগে সাফল্য
দক্ষিণাঞ্চলের সাত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। একই আয়োজনে আইটি কার্নিভাল ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করেছে গোবিপ্রবির শিক্ষার্থীরা।
গত ২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে আইটি কার্নিভাল ২০২৬-এর আয়োজন করে। এতে হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড এবং সেমিনারের আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন গোবিপ্রবির শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় কুয়েট, পবিপ্রবি, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে হ্যাকাথনে প্রথম স্থান অর্জন করে গোবিপ্রবির ‘GSTU_Neuroblitzzzz’ দল। দলের সদস্য ছিলেন নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি।
একই হ্যাকাথন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে গোবিপ্রবির ‘Zeni’n Clan’ দল। দলের সদস্য কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।
এদিকে একই আয়োজনের ‘PSTU Inter University Programming Contest 2026 (South Zone)’-এও সাফল্য পেয়েছে গোবিপ্রবির শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের দল ‘টিম ঝালমুড়ি’।
এভাবে একই আয়োজনে হ্যাকাথনে চ্যাম্পিয়ন এবং দুটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মোট তিনটি সাফল্য পেয়েছে গোবিপ্রবি। সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে প্রযুক্তি প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের এটি অন্যতম উল্লেখযোগ্য অর্জন।
এ অর্জনে বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি তাঁর কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।
সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি বলেন, একই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তিনটি সাফল্য তাদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতার প্রকাশ। এ ধরনের অর্জন গোবিপ্রবির শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কার্যক্রমে আরও উৎসাহিত করবে।



























