শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

খুকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ৪ সেপ্টেম্বর ২০২৬

খুকৃবিতে দিনব্যাপী ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ কর্মশালা অনুষ্ঠিত

খুকৃবিতে দিনব্যাপী ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ কর্মশালা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশ ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী কর্মশালা ‘আইডিয়া টু ইমপ্যাক্ট: কে.এ.ইউ চ্যাপ্টার’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড ও কেএইউ ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নিবন্ধিত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৮টায় রিপোর্টিং ও রেজিস্ট্রেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ধারণা বা আইডিয়া চিহ্নিতকরণ, বাস্তবসম্মত সমস্যা বিশ্লেষণ, উদ্ভাবনী ধারণার সঠিক যাচাইকরণ (Validation) এবং সেগুলোকে কার্যকর উদ্যোগে রূপান্তরের কৌশল শেখানো হয়। এছাড়া কৌশলগত চিন্তাভাবনা এবং ব্যবসায়িক বা সামাজিক প্রকল্পের মাধ্যমে নিজস্ব ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞগণ শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। সম্পূর্ণ কর্মশালাটি ছিল ইন্টারেক্টিভ লার্নিং, বাস্তবভিত্তিক অনুশীলন এবং টিম-ভিত্তিক প্র্যাকটিক্যাল সেশনে পরিপূর্ণ। শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন কৃষিতাত্ত্বিক ও সামাজিক সমস্যার সমাধান উপস্থাপন করেন এবং বিচারকদের কাছ থেকে তাৎক্ষণিক মতামত গ্রহণ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন সামাজিক ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

জনপ্রিয়