একদিন সব ছেড়ে যেতে হয় : ফারিণ
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি নিয়মিতই অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার কোনো নতুন কাজ কিংবা গ্ল্যামারাস লুক নিয়ে নয়, জীবনের এক গভীর ও অমোঘ সত্য তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সম্পর্কের অসারতা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন ফারিণ। তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই—না মানুষ, না সম্পত্তি, এমনকি মুহূর্তও না।’
একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হয় উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
ফারিণের এমন ভাবনাপূর্ণ বার্তায় সাড়া দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও। অনেকেই জীবনের বাস্তবতার সঙ্গে তার কথাগুলোর মিল খুঁজে পেয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘এটা একটা চরম সত্য কথা লিখেছেন। বাস্তবতা হচ্ছে, আমরা অনেক কিছু জেনেও মানি না।’
আরেকজন লিখেছেন, ‘বাস্তব কথা বলেছেন।’
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছাতেই অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি।
২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন ফারিণ। একই বছর ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারিত তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি এনে দেয়।



























