‘নস্টালজিয়া আনপ্লাগডে’ ফিরছে ৭০-৮০ দশকের গান
কিছু গান শুধু গান নয়—কিছু গান ফিরিয়ে আনে ফেলে আসা সময়। কৈশোর, বন্ধুত্ব, ভালোবাসা, আড্ডা আর স্মৃতিময় দিনের সঙ্গে জড়িয়ে থাকা সেইসব প্রিয় গান নিয়েই রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘নস্টালজিয়া আনপ্লাগড’।
আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর বসুন্ধরার Saffron Dine, Level 3, Business Point-এ বসবে এই বিশেষ সংগীতের আসর। এতে ৭০ ও ৮০-এর দশকের বাংলা ও ইংরেজি জনপ্রিয় গান পরিবেশন করবেন ব্যান্ড তারকা লাবু রহমান ও আলী সুমন।
ভিন্নধর্মী এই আয়োজনটি করছে ইভেন্ট ও ক্রিয়েটিভ প্রতিষ্ঠান ‘Hivewave’ (হাইভওয়েভ)। আয়োজকদের পরিকল্পনা, বড় কোনো জাঁকজমকপূর্ণ কনসার্টের পরিবর্তে সীমিত পরিসরে রুচিশীল ও আন্তরিক পরিবেশে দর্শকদের পুরোনো দিনের পরিচিত সুরের ভুবনে ফিরিয়ে নেওয়া।
আয়োজক প্রতিষ্ঠান হাইভওয়েভের কর্ণধার ফারহাতুল জান্নাত বলেন, ‘এটি মূলত ইভেন্ট ও ক্রিয়েটিভ কাজ নিয়ে কাজ করে। আমি নিজেও বাংলাদেশ বেতারের একজন নাট্যশিল্পী ও উপস্থাপক।’
তিনি বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা থেকেই সব সময় এমন আয়োজন করতে চেয়েছি, যেখানে শুধু বিনোদন নয়, মানুষের সঙ্গে একটি আবেগের সংযোগও তৈরি হবে। সেই ভাবনা থেকেই বসুন্ধরায় ছোট পরিসরে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছি।’
ফারহাতুল জান্নাত আরও বলেন, ‘সত্তর ও আশির দশকের বাংলা ও ইংরেজি গান আমাদের সংগীতজীবনের অত্যন্ত সমৃদ্ধ একটি সময়ের প্রতিনিধিত্ব করে। এই গানগুলোর সঙ্গে আমাদের অনেকের শৈশব, কৈশোর, ভালোবাসা, বন্ধুত্ব এবং অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।’
তার ভাষায়, ‘খুব বড় বা জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নয়—বরং একটি ছোট, রুচিশীল ও আন্তরিক সন্ধ্যার মধ্য দিয়ে দর্শকদের কিছু সময়ের জন্য সেই পরিচিত সুরের ভুবনে ফিরিয়ে নিয়ে যাওয়াই আমার মূল ভাবনা।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নস্টালজিয়া আনপ্লাগড’-এ ৭০ ও ৮০-এর দশকের বাংলা ও ইংরেজি গানের পাশাপাশি থাকবে স্মৃতিময় পরিবেশ ও ঘরোয়া আবহ। পুরোনো দিনের গানপ্রেমীদের জন্য আয়োজনটি হয়ে উঠতে পারে এক ভিন্নধর্মী সংগীতসন্ধ্যা।
অনুষ্ঠানের টিকিট Saffron Dine থেকে সংগ্রহ করা যাবে।



























