শাড়িতে দেশি আবহে কৌশানি মুখার্জি
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও গ্ল্যামারাস লুকের জন্যও বরাবরই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এবার নীল শাড়ি আর জমকালো সাজে নিজের নতুন লুকের ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে কৌশানিকে দেখা গেছে একেবারে রাজকীয় সাজে। গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশা তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
অভিনেত্রীর পরনে ছিল মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি। শাড়িজুড়ে থাকা ভারী এমব্রয়ডারির কাজ তার পুরো সাজকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। এর সঙ্গে গলায় ছিল হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট তার অলংকারের সাজকে করেছে আরও আকর্ষণীয়।
চুলে বড় ওয়েভি কার্ল এবং চোখেমুখে স্মোকি মেকআপে কৌশানির গ্ল্যামার যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। নীল শাড়িতে তার এই মায়াবী রূপের ছবি প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের কাছ থেকেও মিলছে নানা প্রশংসা।
অভিনয়ের জগতে কৌশানি মুখার্জির অভিষেক হয় বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে। রুপালি পর্দায় যাত্রা শুরুর পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সচেতনতাও এখন নিয়মিতই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।



























