কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
শরতের স্নিগ্ধতায় মুগ্ধ প্রকৃতি। নীল আকাশের নিচে সাদা কাশফুলের দোল খাওয়া আর উৎসবের আগমনী আবহ—সব মিলিয়ে বাংলার প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। এই ঋতুর সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সেই মুহূর্তগুলোও ধরা পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি ও ভিডিওতে।
শরতের সেই মুগ্ধতায় এবার নিজেকে ভাসিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরী। কাশবনে গিয়ে সাদা কাশফুলের মাঝে সময় কাটিয়েছেন তিনি। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজের উপস্থিতিও ক্যামেরাবন্দী করেছেন অভিনেত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে তাকে দেখা যায় ফিরোজা রঙের শাড়িতে। কখনো কাশফুল হাতে নিয়ে, কখনো কাশবনের মাঝে, আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে শরতের আবহকে তুলে ধরে পূজা লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
শরৎ এলেই দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। পূজার ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি। কাশবনে অভিনেত্রীর এমন ছবি প্রকাশের পর স্বাভাবিকভাবেই মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুরাগীরা।
পূজার পোস্টে একজন লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ কেউ কেউ আবার অভিনেত্রীকে আগাম পূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্টটি প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে।
এদিকে অভিনয়ে আপাতত কিছুটা নীরব সময় কাটাচ্ছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরে তাকে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে সিনেমাটির কাজ হয়েছিল কয়েক বছর আগেই।



























