বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার
ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে পর্দায় এখন তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন পোস্ট ও বক্তব্যের মাধ্যমে নিয়মিতই অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের শৈশব, বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে নিজের পুরোনো পছন্দের কথা জানিয়ে প্রভা বলেন, একসময় গরিব ছেলেদের প্রতিই তার আলাদা আকর্ষণ ছিল।

নিজের পছন্দের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে—যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি—এসব শুনলে গলে যেতাম।’

পডকাস্টে নিজের শৈশবের কথাও স্মরণ করেন প্রভা। জানান, ছোটবেলায় তিনি ছিলেন বেশ আহ্লাদী। এমনকি একটা সময় ঠিকমতো কথা বলতেও পারতেন না। তার ভাষায়, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’

সেই সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

অভিনয়ে কিছুটা অনিয়মিত থাকলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমাটির অধিকাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

জনপ্রিয়