হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা
নতুন সিনেমা নিয়ে আপাতত কোনো ব্যস্ততার খবর নেই চিত্রনায়িকা পূজা চেরীর। তবে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিতই নিজের ফটোশুটের নানা ছবি প্রকাশের পাশাপাশি সেসবের সঙ্গে জুড়ে দিচ্ছেন ভিন্নধর্মী বার্তা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক ডজন ছবি শেয়ার করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাকে। রাতের আলোকসজ্জায় একটি ভবনের ছাদ ও বারান্দায় তোলা হয়েছে ছবিগুলো।
ছবিগুলোর সঙ্গে দেওয়া পূজার বার্তাটিও নজর কেড়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’
পূজার নতুন এই লুক বেশ পছন্দ হয়েছে ভক্তদের। ছবিগুলোর মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’
এক ভক্ত আবার সামনে দুর্গাপূজা উপলক্ষে পূজার কাছে বিশেষ আবদারও করেছেন। তিনি লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’
এদিকে, বড় পর্দায় পূজা চেরীকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল অনেক আগেই। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি এই অভিনেত্রী।
নতুন কাজের খবর না থাকলেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থেমে নেই। বিভিন্ন সময়ে তার সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে আপাতত নতুন ফটোশুটের ছবি আর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন এই অভিনেত্রী।



























