পাঁচ বছর পর ফিরছে মিরাক্কেল, ফেব্রুয়ারিতে পর্দায় আসার সম্ভাবনা
হাসি-ঠাট্টা আর মজার সব পরিবেশনায় একসময় টেলিভিশন মাতিয়ে রেখেছিল জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরতে যাচ্ছে অনুষ্ঠানটি। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
মীরের সঞ্চালনায় প্রচারিত ‘মিরাক্কেল’ একসময় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপিতেও ছিল শক্ত অবস্থান। এই অনুষ্ঠান থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী। পরবর্তী সময়ে তারা নিজেদের কাজের মাধ্যমে বিনোদনজগতে জায়গা করে নেন। তবে গত পাঁচ বছর ধরে নতুন কোনো মৌসুম দেখা যায়নি পর্দায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির নতুন আয়োজনের প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। পাশাপাশি সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় আসতে পারে ‘মিরাক্কেল’। তবে এবারের মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান দর্শকদের অনেকে। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও নতুন আয়োজনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
বর্তমানে টেলিভিশনের অনুষ্ঠান প্রচারের পর মুহূর্তেই তার বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মাথায় রেখে নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়ম ও বিষয়বস্তু নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বলে জানিয়েছেন শুভঙ্কর। এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী তিনি।
দীর্ঘ বিরতির পর ‘মিরাক্কেল’ ফিরলে আগের মতোই দর্শকের ভালোবাসা পাবে বলে প্রত্যাশা নির্মাতাদের।



























