আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের বর্ণাঢ্য অভিনয়জীবন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেত্রী শবনম। কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের স্মরণে প্রবর্তিত ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে এ সম্মাননা।
২০১৯ সালে বশির আহমেদের স্মৃতি ও সংগীতকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ থেকে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। তার দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে এ সম্মাননা প্রবর্তিত হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর আয়োজনটি অনুষ্ঠিত হলেও মাঝে তিন বছরের বিরতি ছিল। বিরতি কাটিয়ে এবার আবারও বসছে এ সম্মাননার আসর।
আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান।
আজীবন সম্মাননা পেতে যাওয়ার অনুভূতি প্রকাশ করে শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তার নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
প্রিয় অভিনেত্রীকে সম্মানিত করতে পেরে আনন্দিত হোমায়রা বশির ও রাজা বশিরও। তারা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননার আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালো লাগছে তা বোঝাতে পারব না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, বশির আহমেদ ছিলেন বাংলা গানের জগতের এক উজ্জ্বল নাম। তার কণ্ঠে অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা, যা এখনো শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’।



























