জ্বালানি সংকট সামাল দিয়ে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট দক্ষতার সঙ্গে সামাল দেওয়া এবং সামষ্টিক অর্থনীতির শক্তিশালী ভিত্তির ওপর ভর করে চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। ২০২৭ সালের মার্চে সমাপ্ত হতে যাওয়া অর্থবছরের জন্য দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের ৬ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) মুম্বাই থেকে প্রকাশিত মুডিসের এক অর্থনৈতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের শক্তিশালী চাহিদা, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোর কারণে মধ্যমেয়াদে ভারত প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারবে। মুডিসের পর্যবেক্ষণ অনুযায়ী, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি তেলের অস্থিরতা ও মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত পূর্বানুমানের চেয়ে অনেক ভালোভাবে মোকাবিলা করেছে। এক্ষেত্রে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানির উৎস বহুমুখীকরণ, কর কাঠামোয় ছাড় এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সাধারণ ভোক্তাদের ওপর তাৎক্ষণিক মূল্যবৃদ্ধির চাপ আড়াল করার সরকারি কৌশল কার্যকর ভূমিকা রেখেছে।
মুডিস তাদের নোটে আরও উল্লেখ করেছে যে, মূলধনি পণ্যের শক্তিশালী উৎপাদন ও আমদানি, শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধির গতি বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতার ক্রমবর্ধমান ব্যবহারের মতো উচ্চ-মাত্রার সূচকগুলো ইঙ্গিত দিচ্ছে যে ভারত সম্ভবত একটি নতুন বেসরকারি মূলধনি ব্যয় চক্রের দ্বারপ্রান্তে রয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ প্রসারিত হয়েছিল। যা সব ধরনের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। মূলত আগে থেকেই থাকা শক্তিশালী ভোক্তা চাহিদার সঙ্গে বিনিয়োগের উল্লম্ফন এবং উৎপাদন খাতের দৃঢ়তা যুক্ত হওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে।
তবে প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারার পাশাপাশি কিছু ঝুঁকির কথাও সতর্কতার সঙ্গে তুলে ধরেছে মুডিস। সংস্থাটি জানিয়েছে, নিত্যপণ্যের ক্রমবর্ধমান ও বিস্তৃত মূল্যবৃদ্ধির চাপ পারিবারিক ভোগব্যয়কে প্রভাবিত করতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ঘাটতির কারণে কৃষি উৎপাদন ও গ্রামীণ চাহিদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগ পুনরুদ্ধার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলেও তারা সতর্ক করেছে।
এদিকে বৃহস্পতিবার ভারতের অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা ধারণা করছেন, অক্টোবরে দেশটির সার্বিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৩ শতাংশে দাঁড়াতে পারে, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সহনশীলতা সীমার একেবারে কাছাকাছি। উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গত অক্টোবরে প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো নীতি সুদহার বৃদ্ধি করেছে এবং বাজার বিশ্লেষকদের ধারণা অনুযায়ী আগামী ১২ মাসে আরও ৯০ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হতে পারে।
সূত্র: রয়টার্স



























